রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনি-কে আগামী ১৪ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে বক্তব্য দেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
আদালত আগামী ১৪ মে তিনজনকে হাজির করার নির্দেশ দিয়ে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারিত আছে।
এ মামলায় ইতোমধ্যে কয়েকজন সাবেক শীর্ষ কর্মকর্তা গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের পক্ষ থেকে করা অভিযোগে মোট ২১ জনকে আসামি করা হয়েছে।





