মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা সংকটের কারণে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত কয়েক দিনে ২৬৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে আজ শনিবার একদিনেই ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে।
শনিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
এদিকে, মধ্যপ্রাচ্যের ছয়টি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ৮ মার্চ পর্যন্ত সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতি এবং আকাশপথে নিরাপত্তা ঝুঁকির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত এসব রুটে ফ্লাইট বন্ধ ছিল। যাত্রীদেরকে ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ সূচি যাচাই করে নিশ্চিত বুকিং নিয়ে বিমানবন্দরে আসতে বলা হয়েছে।
অন্যদিকে, আঞ্চলিক আকাশসীমা আংশিকভাবে খুলে দেওয়ার পর সীমিত ফ্লাইট সূচিতে কার্যক্রম চালাচ্ছে এমিরেটস এয়ারলাইনস। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ধীরে ধীরে পূর্ণ ফ্লাইট নেটওয়ার্ক চালু করবে। বর্তমানে নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারা প্রতিদিন প্রায় ১০৬টি রিটার্ন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে এবং ইতোমধ্যে কয়েক দশ হাজার যাত্রী পরিবহন করেছে।





