বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাব্যবস্থার পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেছেন, শিক্ষকদের যথাযোগ্য মর্যাদা, সম্মান এবং সম্মানজনক বেতন কাঠামো নিশ্চিত করতে হবে।

শুক্রবার সকালে পটুয়াখালীর গলাচিপা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য একটি সুসংগঠিত বেতন কাঠামো প্রয়োজন। পর্যায়ক্রমে তাদের সুযোগ-সুবিধা বাড়াতে সম্মিলিতভাবে কাজ করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রাজুয়েশনের নিচে কোনো ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন না। এছাড়া সরকারের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সপ্তাহে অন্তত একদিন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তিনি।

গলাচিপা উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষা কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।