ইবি প্রতিনিধি:
শিক্ষার্থীবান্ধব নীতিমালা প্রণয়ন, ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্সকে নন-ক্রেডিট হিসেবে বহাল রাখা, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ কোটা বাতিল এবং ভর্তি ও সনদসংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল।
সোমবার (১১ মে) বেলা ২টার দিকে উপাচার্যের কার্যালয়ে সংগঠনটির নেতাকর্মীরা এ স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, রোকনুজ্জামান অর্ক, উল্লাস মাহমুদ, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাইফুল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, প্রশাসনের সাম্প্রতিক কিছু একতরফা ও তড়িঘড়ি সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ও বৈষম্যের অনুভূতি তৈরি করছে। বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলার স্বার্থে তারা কয়েকটি দাবি উত্থাপন করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, সকল ধর্মের শিক্ষার্থীদের জন্য ইসলামিক স্টাডিজ ও বাংলাদেশ স্টাডিজ কোর্স বাধ্যতামূলক না করে নন-ক্রেডিট হিসেবে বহাল রাখা, আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ৫০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং এনালগ পদ্ধতিতে ভর্তি কার্যক্রমের জটিলতা দূর করা। এছাড়া মূল ও সাময়িক সনদপত্র, ট্রান্সক্রিপ্ট ও নম্বরপত্র উত্তোলনে দীর্ঘসূত্রতা ও ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিও জানানো হয়।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা সব কোর্সকে ক্রেডিট কোর্স করার পরিকল্পনা করছি। ইসলামিক স্টাডিজ কোর্স এমনভাবে ডিজাইন করা হবে, যাতে এটি কোনো নির্দিষ্ট ধর্মীয় অনুশীলন শেখানোর বিষয় না হয়ে তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে জ্ঞানার্জনের সুযোগ তৈরি করে। ফলে সব ধর্মের শিক্ষার্থীরাই এটি পড়তে পারবে।”





