প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেছেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
সোমবার রাতেও শিক্ষা ভবনের সামনে তাদের অবস্থান কর্মসূচি চলতে দেখা যায়।
রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারা নিশ্চিত হয়েছেন যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় হিসেবেই গঠিত হবে। তবে অধ্যাদেশ জারি বিলম্বিত হওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। তারা আরও জানান, মঙ্গলবার থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং অধ্যাদেশ জারি হওয়ার আগে তারা ক্লাসে ফিরবেন না।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ চূড়ান্তের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সোমবার বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া এখন পরিমার্জনের শেষ ধাপে। শিক্ষার্থী, শিক্ষক ও সুধীজনসহ বিভিন্ন মহল থেকে পাওয়া পাঁচ হাজারের বেশি মতামত আইনগত ও বাস্তবতার ভিত্তিতে যাচাই করা হচ্ছে। আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তঃমন্ত্রণালয় সভা আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন প্রশাসন, সাত কলেজের অধ্যক্ষ ও শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিন ইউনিটে ভর্তি হয়েছেন ১০ হাজার ১৯৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ৯ হাজার ৩৮৮ জন ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করেছেন। আগামী ১ জানুয়ারি থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরুর বিষয়ে শিক্ষক প্রতিনিধিরা আশাবাদী।
শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, গুজব বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে বিভ্রান্তি না ছড়ানো এবং শিক্ষা কার্যক্রম বিঘ্নিত না হওয়ার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।