চবি প্রতিনিধি: ইউথ ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম টিমের উদ্যোগে বন্দর নগরী চট্টগ্রামের সিআরবি ও ষোলশহর এলাকায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।


২৫ ডিসেম্বর  চট্টগ্রাম শহরের সিআরবি এলাকায় এবং ২৬ ডিসেম্বর ষোলশহর এলাকায় শীতার্ত, অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।


শীত মৌসুমে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে ইউথ ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম টিমের ২০ জন নিবেদিতপ্রাণ সদস্য স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


কর্মসূচি সম্পর্কে ইউথ ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম টিমের এক দায়িত্বশীল প্রতিনিধি বলেন,সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য। শীতের এই সময়ে তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।


এ সময় সংগঠনের আরেক সদস্য তার বক্তব্যে বলেন,আমরা বিশ্বাস করি, তরুণদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি মানবিক ও সহানুভূতিশীল সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপকৃত স্থানীয় জনগণ এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে ইউথ ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম টিমের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।