জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। ৩৯টি কেন্দ্রের ফল বিশ্লেষণে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএস-এই তিনটি শীর্ষ পদেই জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল।

সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে আব্দুল আলিম আরিফ (ছাত্রশিবির) পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। এ পদে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট।

সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে মাসুদ রানা (ছাত্রশিবির) পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং একটি হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ছয়টি ওএমআর (অপটিক্যাল মার্ক রিকগনিশন) মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়।

ভোট গণনার সময় কিছু অসঙ্গতি দেখা দেওয়ায় মাঝপথে দীর্ঘ সময় গণনা বন্ধ থাকে। পরে গভীর রাতে পুনরায় গণনা শুরু করা হয়।

এবারের জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। এর মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছিলেন নির্বাচন কমিশনার জুলফিকার মাহমুদ।

\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

একই দিনে বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের নির্বাচনও অনুষ্ঠিত হয়। সেখানে মোট ভোটার ছিলেন ১ হাজার ২৪২ জন এবং ভোট পড়েছে প্রায় ৭৭ শতাংশ।