সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের (কার্যক্রম স্থগিত) নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৩ জুলাই) রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে আটক করা হয়।
\r\nর্যাব-১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারের পর শেখ হীরাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
\r\nগ্রেপ্তারকৃত শেখ হীরা শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
\r\nর্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র ও সাধারণ জনতার ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন শেখ হীরা। এসব ঘটনায় ঢাকার বিভিন্ন থানাসহ খুলনা ও গোপালগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
\r\nগোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন বৃহস্পতিবার আদালতে হাজির করে পুলিশ তাকে জেলহাজতে পাঠানোর আদেশ নেয়।
\r\nপুলিশ জানিয়েছে, চলমান মামলাগুলোর তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে রিমান্ডের আবেদন করা হতে পারে।






