জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবে। রায়ে স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবিতে নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফখরুল লিখেছেন, “আগামীকাল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে। গত বছরের ঢাকায় সংঘটিত প্রাণঘাতী সহিংসতা ও দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আমরা পূর্ণ ন্যায়বিচার দাবি করছি।”

এর আগে, দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, “আগামীকাল সোমবার ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে কিছু মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে।”

অপরদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, রায় ঘোষণার পর শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হবে। এছাড়া, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার জন্যও তারা আবেদন করেছেন। প্রসিকিউশন জানিয়েছেন, ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তই নিক, তারা তা মেনে চলবেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের বিচারিক প্যানেল, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে, সোমবার রায় ঘোষণা করবেন।