বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সাবেক দুই মুখ্য সচিবের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে। যাদের তথ্য চাওয়া হয়েছে তারা হলেন আবুল কালাম আজাদ এবং তোফাজ্জল হোসেন মিয়া।


শনিবার (৭ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে ওই দুই কর্মকর্তার পিতা-মাতার নাম, জন্মতারিখ এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য যুক্ত করে পাঠানো হয়েছে। পাশাপাশি তাদের ব্যাংক হিসাব নম্বর, ডেবিট বা ক্রেডিট কার্ড এবং অন্য যেকোনো লেনদেন সংক্রান্ত তথ্য থাকলে তা বিএফআইইউকে পাঠাতে বলা হয়েছে।


আবুল কালাম আজাদ ২০২৪ সালের ৫ অক্টোবর গ্রেপ্তার হন। তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবেও কাজ করেছেন।


অন্যদিকে তোফাজ্জল হোসেন মিয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের সাবেক কর্মকর্তা। তিনি প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন এবং পরে ২০২২ সালের ৮ ডিসেম্বর মুখ্য সচিবের দায়িত্ব নেন।