জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটি দেশে বাস করছি, যেখানে বাস, বিমান এমনকি মানুষেরও কোনো ফিটনেস নেই। শেখ হাসিনা আমাদের জন্য একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছেন।
\r\nশুক্রবার (২৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ জেলা শহরের আলফাত স্কয়ারে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাসফরের সময় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে তিনি বলেন, ‘আল্লাহ নিহতদের পরিবারের সদস্যদের ধৈর্য ধরার শক্তি দিন।’
\r\nনাহিদ ইসলাম বলেন, ‘আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র রেখে যেতে পারি না। যাঁরা গণ-আন্দোলনে জীবন দিয়েছেন, তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। এনসিপি সেই রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিয়েই প্রতিষ্ঠিত হয়েছে।’
\r\nতিনি আরও বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছি। আমরা মানুষের কাছে যাচ্ছি, কথা শুনছি। এই নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করেই আমরা থামব।’
\r\nপথসভায় উপস্থিত জনগণের উদ্দেশে এনসিপি আহ্বায়ক বলেন, ‘বিগত ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদ, গুম, খুন, গণহত্যার বিরুদ্ধে যখন বিরোধী দলগুলো ব্যর্থ, তখন সাধারণ মানুষই রাজপথে নেমে আসে। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয়ী হলো জনগণ, আমরা সেই জনগণকে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব।’
\r\nনিজের বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, ‘মুজিববাদ মানেই একদলীয় শাসন, লুটপাট, সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘুদের জমি দখল। এ দেশে মুজিববাদের কোনো জায়গা থাকবে না।’
\r\nসুনামগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘হাওর ও নদী নির্ভর এই অঞ্চলে উন্নয়ন পরিকল্পনা করতে হবে এখানকার প্রকৃতি, কৃষি ও মানুষের জীবনের বাস্তবতা মাথায় রেখেই।
\r\nপথসভায় বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও সুনামগঞ্জের স্থানীয় সমন্বয়ক আবু ছালেহ নাসিম।
\r\nআখতার হোসেন বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। যত দিন আমরা আছি, এ দেশে তাদের ফিরে আসতে দেওয়া হবে না।’
\r\nহাসনাত আবদুল্লাহ বলেন, ‘এনসপিতে যোগ দিতে চাওয়া ব্যক্তিদের ভয়ভীতি দেখানো হচ্ছে। তাই প্রতিটি গ্রাম ও গঞ্জে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।’
\r\nএর আগে, বৃহস্পতিবার রাতে এনসিপির কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জ সার্কিট হাউসে অবস্থান নেন। শুক্রবার সকালে আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। পরে জুমার নামাজ শেষে শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি পদযাত্রা বের হয়, যা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলফাত স্কয়ারে গিয়ে পথসভায় রূপ নেয়।
\r\nপথসভা সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
\r\nসভায় স্বাগত বক্তব্য দেন হাছন রাজার প্রপৌত্র ও এনসিপির জেলা সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী।
বেলা সাড়ে তিনটার দিকে পথসভা শেষ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটের উদ্দেশে সুনামগঞ্জ ত্যাগ করেন।





