রাজধানীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়। এতে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।


এবারের শোভাযাত্রাতেও দেশি ও আন্তর্জাতিক নানা ইস্যুর প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ডগুলো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।


চারুকলা থেকে টিএসসি এলাকা ঘুরে দেখা যায়, অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসবের মাধ্যমে পরিবেশ, রাজনীতি ও সামাজিক নানা ইস্যু তুলে ধরা হয়। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে ছিল— ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের ন্যায্যমূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ করো’, এবং ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’ ইত্যাদি।


পুরো শোভাযাত্রাজুড়ে ঢোল, বাঁশি ও বিভিন্ন ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে পরিবেশ ছিল প্রাণবন্ত। রঙ, সঙ্গীত আর সংস্কৃতির মেলবন্ধনে নববর্ষের এই আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর।


নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে আরও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিনে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ নানা পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া ১৫ ও ১৬ এপ্রিল ‘বাগদত্তা’ ও ‘দেবী সুলতানা’ শীর্ষক যাত্রাপালা মঞ্চস্থ হওয়ার কথা রয়েছে।