অভিনেত্রী, মডেল, শিক্ষক, উন্নয়নকর্মী, এবং মা। এই সব পরিচয়ের আড়ালে যে গল্পটি সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে, তা হলো একজন নারীর আত্মপ্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম। তিনি রাফিয়াত রশিদ মিথিলা—বাংলাদেশের বিনোদন জগতে যিনি দীর্ঘদিন ধরে নিজের জায়গা দৃঢ়তার সঙ্গে ধরে রেখেছেন।
তবে মিথিলার পরিচয় কেবল একটি শোবিজ তারকার মধ্যে সীমাবদ্ধ নয়; তিনি হয়ে উঠেছেন নারীদের জন্য এক অনুপ্রেরণার প্রতীক। তিনি জানেন কীভাবে জীবনের ঝড়ঝাপটায় দৃঢ় থেকে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হয়—যেমন গানে, যেমন পর্দায়, তেমনি বাস্তব জীবনের সাহসে।
সম্প্রতি মিথিলা জানালেন তাঁর এক নতুন অর্জনের কথা—সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি থিসিস সফলভাবে সম্পন্ন করেছেন তিনি। সোমবার গভীর রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ খুশির খবর শেয়ার করেন মিথিলা।
তিনি লেখেন, “অত্যন্ত আবেগপ্রবণ ও গর্বের সঙ্গে জানাচ্ছি, আমি জেনেভা বিশ্ববিদ্যালয়ে সফলভাবে আমার পিএইচডি থিসিস ডিফেন্স করেছি! এই মুহূর্তটি আমার পাঁচ বছরের এক দীর্ঘ যাত্রার সমাপ্তি, যেখানে আনন্দ ও কষ্ট দুটোই ছিল সহযাত্রী।”
মিথিলা আরও জানান, এই যাত্রা ছিল তাঁর জন্য এক ‘কম পঠিত পথ’ বেছে নেওয়ার মতো—যেখানে একইসঙ্গে তাঁকে সামলাতে হয়েছে পূর্ণকালীন পেশাগত দায়িত্ব, অভিনয়ের ব্যস্ততা এবং পারিবারিক ভূমিকা। এই অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে কীভাবে নিজের ভিতরকার শক্তিকে আবিষ্কার করে টিকে থাকতে হয়।
পরিবার ও প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, “আমি গভীরভাবে কৃতজ্ঞ আমার পরিবার, বন্ধু এবং সহকর্মীদের প্রতি, যাঁদের ভালোবাসা ও সমর্থন আমাকে এই যাত্রা শেষ করতে সাহায্য করেছে। আজ থেকে আমি গর্বের সঙ্গে আমার নামের আগে ‘ড.’ উপাধি যুক্ত করতে পারব—একটি স্বীকৃতি, যা আমি কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে অর্জন করেছি।”





