জয়পুরহাট প্রতিনিধি: সরকারি উন্নয়নমূলক কাজগুলোতে নির্ধারিত মজুরি বাস্তবে অনেক ক্ষেত্রে শ্রমিকদের হাতে পৌঁছায় না—এ বাস্তবতা বদলাতে কাজ করছে সরকার। প্রত্যেক শ্রমিক যেন তার প্রাপ্য ন্যায্য মজুরি পায়, সে লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী (এমপি)।
শুক্রবার (১ মে) সকাল ১১টায় জয়পুরহাটের কালাই বাস স্ট্যান্ড চত্বরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকেই বিদেশে শ্রমিক প্রেরণের কার্যক্রম শুরু হয়, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমান সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, দেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ধাপে ধাপে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। পাশাপাশি প্রায় ২ কোটি ৭০ লাখ কৃষককে কৃষি কার্ডের আওতায় আনা হচ্ছে। ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বৃদ্ধি, খাল খনন কর্মসূচি বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনা শেষে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মওদুদ আলম সরকার, কালাই থানার ওসি রফিকুল ইসলাম, পৌর বিএনপি'র যুগ্ন আহ্বায়ক আব্দুল আলিম সরকার, বিএনপির সাবেক ইউ'পি চেয়ারম্যান গোলাম মাওলাসহ
স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কালাই উপজেলা শাখার উদ্যোগে একটি র্যালি ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অ্যাডভোকেট আসলাম হোসেন, উপজেলা সভাপতি মোঃ মোন্তাহার হোসেন, উপদেষ্টা মোঃ মুনছুর রহমান এবং মোঃ তাইফুর রহমান।
বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ ১৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
এ সময় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা আঃ রউফ, আঃ আলীমসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচিতে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, প্রাপ্য মজুরি নিশ্চিতকরণ এবং সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।





