ভারতীয় বাংলা গানের বরেণ্য সংগীতশিল্পী সুপ্রকাশ চাকী আর নেই। বার্ধক্যজনিত কারণে রবিবার (২৭ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং কলকাতার গড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সুপ্রকাশ চাকী ছিলেন বাংলা সংগীতাঙ্গনের এক সুপরিচিত নাম। একাধারে গায়ক, সুরকার ও গীতিকার হিসেবে তার দীর্ঘ কর্মজীবনে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন। রাগসংগীত থেকে শুরু করে আধুনিক বাংলা গান—সবখানেই ছিল তার দখল। তার গাওয়া জনপ্রিয় গানের তালিকায় রয়েছে— এসো না নতুন জগৎ গড়ি, আলো আঁধারের সাথেই, তোমার ও চোখ, আকাশ যখন নতুন রঙে সাজে ইত্যাদি।
বাংলাদেশের দিনাজপুরে জন্মগ্রহণকারী এই শিল্পী ভারতীয় সংগীতজগতে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন। তিনি দীর্ঘদিন আকাশবাণীতে সংগীত পরিবেশন করেছেন এবং পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ও বাণীচক্রে সংগীত শিক্ষক হিসেবে যুক্ত ছিলেন।
গত বছর তার অসুস্থতার খবর জানাজানি হলে সংগীতজগতে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি পৌঁছায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছেও। জানা যায়, অর্থনৈতিক সংকটে থাকা এই শিল্পীর পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই।
সুপ্রকাশ চাকীর মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা সংগীতাঙ্গন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।





