ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের চতুর্থ দিনে সোমবার (১৬ জুন) সকালে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, তা এখন পর্যন্ত সবচেয়ে তীব্র এবং ব্যাপক হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
\r\nজানা গেছে, নিহতদের মধ্যে দুজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
\r\nইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির বেশ কয়েকটি অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত একটি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস বিভাগ।
\r\nসাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্র থেকে বের হওয়ার অনুমতি দেওয়ার কিছুক্ষণ পরেই ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, হোমফ্রন্ট কমান্ডের সার্চ অ্যান্ড রেসকিউ ইউনিটগুলোকে দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে।
\r\nদমকল বাহিনী জানায়, উদ্ধারকর্মীরা উপকূলবর্তী ওই ভবনে পৌঁছানোর চেষ্টা করছেন, যা সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
\r\nইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আদম (MDA) একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায়—উত্তরাঞ্চলীয় শহর হাইফায় তাদের উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। ভিডিওতে আরও দেখা গেছে, বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে এবং একটি আবাসিক ভবনের সামনের অংশ বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে।
\r\nসূত্র: আল-জাজিরা, বিবিসি।





