রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে কেন্দ্র করে নতুন বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিজেদের মর্যাদা ও স্বতন্ত্রতা রক্ষার দাবিতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনের আহ্বান জানিয়েছেন।
আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইডেন ক্যাম্পাসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইডেন কলেজের শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠন ও প্রশাসনিক কাঠামো পরিবর্তনের উদ্যোগ বাস্তবায়িত হলে ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজে নারীদের উচ্চশিক্ষার সুযোগ মারাত্মকভাবে সংকুচিত হবে। এতে চল্লিশ হাজারের বেশি ছাত্রীসহ সাত কলেজের লক্ষাধিক শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবেন।
তাদের অভিযোগ, সম্প্রতি প্রকাশিত ‘ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়’ খসড়া অধ্যাদেশে ইডেনসহ সাত কলেজের স্বাতন্ত্র্য ও মর্যাদা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষার্থীদের মতে, এই প্রক্রিয়া বাস্তবায়িত হলে তাদের শিক্ষা জীবন গুরুতরভাবে প্রভাবিত হবে।





