ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদীয় দলের সভা ডেকেছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর এই সভা অনুষ্ঠিত হবে।


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল শপথ অনুষ্ঠান শেষে বেলা ১১.৩০টায় সংসদ ভবনে সংসদীয় দলের সভা আয়োজন করা হবে।


তিনি বলেন, “সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচিত হবেন। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।”


এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।


নতুন ২৯৭ সংসদ সদস্য শপথ গ্রহণ করবেন মঙ্গলবার সকাল ১০টায়। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর বিকেলে দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে।