ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে শব্দযন্ত্রে গোলযোগের ঘটনার তদন্তে সার্জেন্ট এট আর্মসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে, যাতে জানা যায় ঘটনাটি সম্ভাব্য অন্তর্ঘাতমূলক (সাবোটাজ) ছিল কি না।


শনিবার (২৮ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সংসদ কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।


চিফ হুইপ জানান, সংসদের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা সার্জেন্ট এট আর্মস এই কমিটিকে নেতৃত্ব দিচ্ছেন। কমিটি মূলত দুটি বিষয় যাচাই করবে—এক, শব্দযন্ত্রের গোলযোগের পেছনে কোনো অন্তর্ঘাতমূলক ঘটনা রয়েছে কি না; দুই, সাউন্ড সিস্টেমের প্রকৃত ত্রুটি কী এবং তা সমাধানের সম্ভাব্য উপায় কী হতে পারে।


প্রযুক্তিগত সমস্যার নিরপেক্ষ মূল্যায়নের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।


উল্লেখ্য, ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। প্রথম দিনেই শব্দযন্ত্রের বিভ্রাটের কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত রাখতে হয়। পরের দিনও হেডফোন ও সাউন্ড সিস্টেম নিয়ে বিরোধীদলীয় সদস্যদের অসন্তোষ প্রকাশিত হয়।


চিফ হুইপ আরও বলেন, সংসদ সদস্যদের মধ্যে হেডফোন ব্যবহার নিয়ে ব্যাপক অভিযোগ রয়েছে। বর্তমানে ব্যবহৃত বড় হেডফোন দীর্ঘ সময় ব্যবহার করলে অস্বস্তিকর হওয়ায় তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, তদন্ত কমিটির সুপারিশ অনুসারে দ্রুত সমস্যা সমাধান করে সংসদের কার্যক্রম আরও নির্বিঘ্ন করা সম্ভব হবে।