আগামীকাল ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগর ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ বিধিনিষেধ জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (১১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরোয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার রাত ১২টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে এবং জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
ডিএমপির নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য এবং ক্ষতিকর বা দূষণীয় বস্তু বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভও নিষিদ্ধ করা হয়েছে।
জাতীয় সংসদ ভবন ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এই বিধিনিষেধ কার্যকর থাকবে। এর মধ্যে রয়েছে—মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও সড়কের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোড হয়ে ফার্মগেট পর্যন্ত এবং মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা।
এ ছাড়া রোকেয়া সরণি থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর ভেতরের সব সড়ক ও গলিতেও এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ডিএমপি সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও যানবাহন চালকদের জনস্বার্থে জারি করা এ নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে।





