কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও রাজধানীর সংসদ ভবন এলাকায় একদিনের ব্যবধানে ফের মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে বিজয় সরণি মেট্রোরেল স্টেশন এলাকা থেকে শুরু হয়ে খামারবাড়ি পর্যন্ত এ মিছিল অনুষ্ঠিত হয়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার নাম সিরাজুল ইসলাম, যিনি ছাত্রলীগের সাবেক নেতা এবং মাদারীপুরের শিবচর উপজেলার বাসিন্দা। তাকে ব্যানারসহ আটক করা হয়।


ঘটনার বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, “আওয়ামী লীগের একদল নেতাকর্মী বিজয় সরণি মেট্রোরেল স্টেশনের পাশে জড়ো হয়ে সংসদ ভবনের রাস্তা ধরে খামারবাড়ির দিকে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করেছে।”


এর আগে, গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় ‘ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ’ ব্যানারে আরেকটি মিছিল অনুষ্ঠিত হয়।


তারও আগে, ৩১ আগস্ট ধানমন্ডির ২৭ নম্বর রোডে রাফা প্লাজার সামনে থেকে শুরু হয়ে শংকর পর্যন্ত আরেকটি মিছিল দেখা যায়। এছাড়া, প্রায় এক সপ্তাহ আগে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটেও আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীকে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে।


নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নিয়মিতভাবে এই ধরনের মিছিল ও জমায়েতে উদ্বেগ প্রকাশ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এসব কর্মসূচির সঙ্গে দলীয়ভাবে আওয়ামী লীগ বা তার সহযোগী সংগঠনের আনুষ্ঠানিক সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।