রাষ্ট্রীয় সংস্কার, সুষ্ঠু নির্বাচন এবং অতীতের সহিংসতার বিচার—এই তিন বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি)। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান রাজনৈতিক সংকট সমাধানে একটি গঠনমূলক সমঝোতা এবং নির্দিষ্ট কাঠামো তৈরি এখন সময়ের দাবি।
\r\nরোববার (২৫ মে) রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের এ কথা জানান।
\r\nমঞ্জু বলেন, “আজকের বৈঠকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর একটি সুস্পষ্ট রোডম্যাপ দেওয়ার দাবি জানিয়েছি। এগুলো হলো—সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, এবং অতীতের ফ্যাসিবাদী সহিংসতার সঙ্গে জড়িতদের বিচার। আমরা মনে করি, এই তিনটি প্রশ্নে সমঝোতা ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।”
\r\nতিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার পদত্যাগ ইচ্ছা নিয়ে প্রশ্ন তোলা হলে ড. ইউনূস জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিবেশ না পাওয়ায় তিনি পদত্যাগের কথা চিন্তা করেছিলেন। তবে এখন তার লক্ষ্য একটি গ্রহণযোগ্য ও ঐতিহাসিক নির্বাচন আয়োজন করা। তিনি জানিয়েছেন, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে এবং পরিবেশ অনুকূল হবে, তখনই নির্বাচন অনুষ্ঠিত হবে।
\r\nএবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, “আমরা তাকে বলেছি, ছাত্ররা ঐক্য ধরে রাখতে পারেনি, তাই আপনাকেই প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সেতুবন্ধন তৈরি করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক বাড়িয়ে একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে হবে। আপনাকে নেতৃত্বে থাকতে হবে, কারণ সবাই একসঙ্গে থাকলে পরাজয়ের সম্ভাবনা থাকে না।”
\r\nএদিন অনুষ্ঠিত প্রথম দফার সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। উপস্থিত ছিলেন—কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বাসদের উপদেষ্টা খালেকুজ্জামান ভূঁইয়া এবং জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।
\r\nদলগুলোর মতে, নির্বাচন ও সংস্কারের জন্য একটি গ্রহণযোগ্য রোডম্যাপই বর্তমান সংকট থেকে উত্তরণে পথ দেখাতে পারে।





