সকালে ঘুম থেকে উঠেই একটা প্রশ্ন আমাদের মনে ঘোরে—‘এখন কী খাব?’ কেউ দৌড়ান চায়ের কাপে চুমুক দিতে, কেউ আবার ফ্রিজে খুঁজে দেখেন কিছু মুখে দেওয়ার মতো কিছু আছে কি না। অফিসের তাড়া হোক বা ছুটির দিনের অলসতা, পেট একটু খালি লাগলেই মন যেন আর শান্ত থাকে না।
তবে জানেন কি, খালি পেটে খাওয়া কিছু সাধারণ খাবার শরীরের জন্য ক্ষতিকর হতে পারে? বিশেষ করে যখন আমাদের হজমযন্ত্র এখনো পুরোপুরি জেগে ওঠেনি, তখন যেকোনো ভুল খাবারই শরীরের অ্যাসিডের ভারসাম্য, রক্তে শর্করার মাত্রা এবং পাকস্থলীর কার্যক্রমে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে দেখা দিতে পারে ক্লান্তি, গ্যাস, বুকজ্বালা বা বদহজমের মতো সমস্যা।
বিশেষজ্ঞদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর শরীর থাকে বিশ্রামের (রেস্ট) মোডে। এ সময় খালি পেটে কিছু খাবার হজমে সমস্যা তৈরি করে, যা দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্যঝুঁকি বাড়িয়ে দেয়।
চলুন জেনে নিই, কোন ৭টি খাবার খালি পেটে খাওয়া একেবারেই ঠিক নয়—
১. কাঁচা শাকসবজি
শাকসবজি ফাইবারে ভরপুর, পুষ্টিকর—তা ঠিক। তবে খালি পেটে খেলে হজমে সমস্যা, পেটফাঁপা ও ব্যথার আশঙ্কা থাকে। সবুজ শাকে থাকা অ্যামিনো অ্যাসিড খালি পেটে গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি করতে পারে।
২. কলা
খালি পেটে কলা খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে, যাকে বলে ‘সুগার স্পাইক’। নিয়মিত এমন হলে হার্টের ওপর চাপ পড়তে পারে, কারণ এতে থাকা ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম সরাসরি রক্তে মেশে।
৩. চা ও কফি
অনেকে সকালে চোখ খোলার আগেই চা বা কফি চান। কিন্তু খালি পেটে এসব পান করলে পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বেড়ে গিয়ে অ্যাসিডিটি, বুকজ্বালা বা হজমের গোলমাল হতে পারে। বিশেষ করে ব্ল্যাক কফি হলে সমস্যা আরও বেশি।
৪. টমেটো
টমেটোতে থাকা ট্যানিক অ্যাসিড খালি পেটে খেলে অ্যাসিডিটির ঝুঁকি বাড়ায়। তাই সালাদ হোক বা রান্না—টমেটো খাওয়ার আগে পেটে কিছু থাকা জরুরি।
৫. দই
দই হজমের জন্য ভালো, এতে থাকে উপকারী ব্যাকটেরিয়া। তবে খালি পেটে দই খেলে পাকস্থলীর অ্যাসিড এই ব্যাকটেরিয়াগুলো নষ্ট করে দেয়, ফলে উপকারের বদলে হতে পারে হজমের সমস্যা।
৬. বাদাম
বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট ও পুষ্টি, কিন্তু খালি পেটে খেলেই হতে পারে পেটব্যথা বা গ্যাস্ট্রিক। তাই বাদাম খেতে হলে অন্য খাবারের সঙ্গে অথবা স্ন্যাকস হিসেবে খান।
৭. মিষ্টি আলু
মিষ্টি আলু হালকা হলেও এতে থাকা স্টার্চ খালি পেটে অ্যাসিড বাড়িয়ে দেয়। এর প্রভাবে পাকস্থলীর পেশি সংকুচিত হয়ে পেটব্যথা হতে পারে।
শেষ কথা
সকালের খাবার দিনটিকে প্রভাবিত করে অনেক বেশি। তাই খালি পেটে যা পাচ্ছেন তাই মুখে না দিয়ে জেনে-বুঝে খাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। হালকা গরম পানি, কয়েকটা ভেজানো বাদাম, একটা খেজুর কিংবা কলার বদলে অন্য ফল হতে পারে ভালো শুরু।
সুস্থ থাকতে খাবার বাছুন ঠিকভাবে—কারণ আপনি যা খান, তাই আপনি।





