আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে নির্বাচনি উত্তাপ বাড়ছে। বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান ভোটারদের প্রতি এক ব্যতিক্রমী আহ্বান জানিয়েছেন। তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সকাল ৬টার মধ্যেই ‘রোজা রেখে’ ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রামগতির চরসীতা তোরাবআলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান নারী ভোটারদের উদ্দেশ্যে বলেন, রামগতি ও কমলনগর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় তিনি ১৬২টি উঠান বৈঠক করেছেন। এসব বৈঠকে তিনি এক লাখ ৪৫ হাজার নারীর সঙ্গে সরাসরি কথা বলেছেন। বিএনপির ৩১ দফা কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড ও হেল্থ কার্ডের সুবিধার বিষয়গুলো তাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, অনেক মা দোয়া করেছেন, অনেক বোন আশীর্বাদ দিয়েছেন। তাদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ভোর ৬টার মধ্যে পবিত্র অবস্থায় ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য এবং ভোট শেষে তার জন্য দোয়া করার জন্য।

এসময় তিনি রামগতি ও কমলনগর উপজেলার বিএনপির ৪৩ হাজার নেতাকর্মী ও পুরুষ ভোটারদের প্রতি ধানের শীষের পক্ষে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ১৫২টি ভোটকেন্দ্রে তারেক রহমানের পক্ষে পাহারা দিয়ে ভোট গণনা শেষে ফলাফল নিয়ে বের হতে হবে, যাতে কোনো অপশক্তি ভোট চুরির সুযোগ না পায়।

নেতাকর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শান্তির রাজনীতিতে বিশ্বাস করেন। আগামী ১২ ফেব্রুয়ারি হবে সাধারণ মানুষের মুক্তির দিন। সকালের আলো ফোটার আগেই ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে ভোটারদের উপস্থিতিই হবে সবচেয়ে বড় শক্তি।

জনসভায় রামগতি পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী পটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মর্তুজা আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র শাহাব উদ্দিন শাবু, রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, লন্ডন শাখা বিএনপির সভাপতি নূরউদ্দিন আহমেদ এবং লক্ষ্মীপুর-১, ২, ৩ ও ৪ আসনের নির্ধারিত মিডিয়া সেল ম্যানেজার ব্যারিস্টার রেজাউল করিম।

এছাড়া জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।