আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ‘নামসর্বস্ব’ বেসরকারি সংস্থা পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা)-এর পর্যবেক্ষক কার্ড দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
\r\nশনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
\r\nইসি সচিব আখতার আহমেদের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘পাশা’ নামে একটি এনজিও ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে বলে জানিয়েছিল। বিষয়টি যাচাই করে নির্বাচন কমিশন তাদের সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি। এ কারণে সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে।
\r\nপ্রসঙ্গত, এবারের নির্বাচনে ৮১টি দেশীয় সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি দেয় ইসি। এর মধ্যে পাশাকে সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছিল। সংস্থাটির ১০ হাজার ৫৫৯ জন পর্যবেক্ষক (মোটের প্রায় ১৯ শতাংশ) দায়িত্ব পালনের কথা ছিল।





