জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবার মার্ডার মিস্ট্রি থ্রিলার ‘দূর্বার’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে। ছবিটির পরিচালক কামরুল হাসান ফুয়াদ কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন, এটি তার পরিচালনায় প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা।

\r\n

ছবিতে রোমান্স, ড্রামা এবং থ্রিলারের মিশ্রণ থাকবে। আবদুল্লাহ জহির বাবুর গল্প ও চিত্রনাট্যে আরও অভিনয় করছেন জান্নাতুল নূর মুন ও সানজু জন। শুটিং শুরু হবে ১৬ ডিসেম্বর, আর এর আগে ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে আনুষ্ঠানিক ফটোশুট।

\r\n

পরিচালক কামরুল হাসান ফুয়াদ বলেন, “মার্ডার মিস্ট্রি গল্পের সঙ্গে রোমান্স থাকবেই। দর্শক ও ওটিটি উভয়ের জন্যই আকর্ষণীয় এমন গল্প বেছে নিয়েছি। প্রি-প্রোডাকশন এবং রিহার্সেল চলছে, সব ঠিক থাকলে শুটিং ১৬ ডিসেম্বর শুরু হবে।”

\r\n

তিনি আরও জানান, “আমার প্রথম ফিকশন প্রোজেক্টে নায়ক ছিলেন সজল ভাই। তার পারফরম্যান্স নিয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণে প্রথম সিনেমার জন্য তার সঙ্গেই কাজ করার ইচ্ছে ছিল। অপু দারুণ পারফর্মার। গল্পটি শুনে তিনি সেটি পছন্দ করেছেন।”

\r\n

ছবির শুটিং হবে ঢাকা, রাজশাহী এবং নেপালে। এতে তিনটি গান থাকবে, যেগুলো গাইবেন ইমরান মাহমুদুল, কনা ও বেলাল খান। সব ঠিক থাকলে ছবিটি আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পাবে।

\r\n

এর আগে কামরুল হাসান ফুয়াদ প্রায় দুই শতাধিক ফিকশন এবং অর্ধ শতাধিক বিজ্ঞাপন নির্মাণ করেছেন। গত বছর তিনি প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে ‘দেয়াল’, চলতি বছরে নিরব হোসাইনকে নিয়ে ‘দেশ’ সিনেমার ঘোষণা দিয়েছেন। তবে ‘দূর্বার’ শুটিং শেষে ‘দেশ’ ও ‘দেয়াল’-এর কাজ শুরু করবেন।

\r\n

অন্যদিকে, আব্দুন নূর সজল সম্প্রতি শেষ করেছেন রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং। অপু বিশ্বাসও ‘দূর্বার’ শেষে বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ সিনেমার শুটিং শুরু করবেন, যেখানে তার নায়ক আদর আজাদ।