বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য আগ্রহী হয়ে রয়েছে এবং এই আগ্রহ ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য নির্বাচনের মাঠে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন, সরকার, রাজনৈতিক দল ও জনগণ—সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এটি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।


শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।


তিনি আরও বলেন, এবারের নির্বাচনে জনগণকেই মুখ্য ভূমিকা পালন করতে হবে। যেহেতু মুক্ত ও স্বাধীন পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ তৈরি হয়েছে, তাই আইনশৃঙ্খলা বাহিনীকেও সহায়ক ভূমিকা পালন করতে হবে।


এর আগে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কক্সবাজার-১ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম এবং ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছরওয়ার আলম কুতুবীর মনোনয়ন বাতিল করা হয়।


এ আসনে সালাহউদ্দিন আহমদ ছাড়াও যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে, তারা হলেন আব্দুল্লাহ আল ফারুখ (বাংলাদেশ জামায়াতে ইসলামী) ও মোহাম্মদ আবদুল কাদের (গণঅধিকার পরিষদ)।


এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছে সালাহউদ্দিন আহমদ দৈনিক আমার দেশ-এর কক্সবাজার প্রতিনিধি আনছার হোসেনের কনিষ্ঠ পুত্র সদ্য প্রয়াত রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন।



প্রেস সচিব ছাফওয়ানুল করিম জানান, সালাহউদ্দিন আহমদ আজ রাতে পেকুয়ায় অবস্থান করবেন এবং আগামীকাল সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে।