সিলেটের ওসমানীনগরে জামায়াত নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক পরিচয়ে সরকারি কর্মকর্তাদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে মাহবুবুর রহমান (৩২) নামের এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ জুলাই) দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ দণ্ডাদেশ দেন। অভিযুক্ত মাহবুবুর রহমান উপজেলার সাদীপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাকের ছেলে।
উপজেলা প্রশাসনের বরাতে জানা গেছে, মাহবুবুর নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওসমানীনগর শাখার আহ্বায়ক’ ও জামায়াত নেতা পরিচয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ বিভিন্ন কর্মকর্তার ওপর প্রভাব খাটাতে চেষ্টা করছিলেন। তিনি একটি ভূমি সংক্রান্ত নামজারির কাজ জোরপূর্বক করাতে চাপ সৃষ্টি করেন। এতে রাজি না হলে অফিস ঘেরাও ও ভাঙচুরের হুমকি দেন বলেও জানায় প্রশাসন।
সোমবার দুপুরে পুনরায় ভূমি অফিসে এসে একইভাবে কর্মকর্তাদের হুমকি দিলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হয়। আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং এ ঘটনার পেছনে ডা. আব্দুল লতিফ ও আমান আহমদের প্ররোচনার কথাও উল্লেখ করেন।
ইউএনও জয়নাল আবেদীন বলেন, “আসামি নিজেকে জামায়াত নেতা ও ছাত্র আন্দোলনের নেতা পরিচয়ে দীর্ঘদিন ধরে সরকারি কাজে বাধা সৃষ্টি করে আসছিলেন। সোমবার ফের হুমকি দিলে আমরা আইনগত ব্যবস্থা নিই।”
দণ্ডপ্রাপ্ত মাহবুবুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





