সমালোচনা থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত ভোট বিএনপিকেই যেতে পারে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, অনেক সমালোচনা সত্ত্বেও সাধারণ মানুষ শেষ পর্যন্ত বিএনপিকে বেছে নিতে পারে।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, তিনি বিএনপির পক্ষে প্রচারণা করেন না, তবে রাজনৈতিক বাস্তবতায় জনগণের ভোট BNP–র দিকেই যেতে পারে বলে মনে করেন।

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম সমাজের নজরদারির দায়িত্ব পালন করে, আর অনেক সময় পথ দেখানোর কাজও করে থাকে। তিনি মনে করিয়ে দেন, সাংবাদিকদের দাবি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে নয়, বরং আগামী সরকারের কাছেই জোরালোভাবে তুলে ধরা উচিত।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ও বাসদের রাজেকুজ্জামান রতন।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজেসির নির্বাহী মিলটন আনোয়ার। আলোচনায় অংশ নেন ট্রাস্টি তালাত মামুন ও ফাহিম আহমেদ। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে বিবিসি মিডিয়া অ্যাকশন।