দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে ব্যাখ্যা দিয়েছেন বিশিষ্ট ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে “কিছু বিভ্রান্তি ও অপপ্রচারের জবাব” শিরোনামে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে মাদানী দাবি করেন, গোনাহ থেকে বাঁচতে ও হালালের পথে থাকার উদ্দেশ্যেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তিনি বলেন, প্রথম স্ত্রী থাকা অবস্থায় প্রেম করে বা কোনো চাপে পড়ে বিয়ে করেছেন—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এমনকি বিয়ের দিন দেখার আগে দ্বিতীয় স্ত্রীকে কখনো দেখেননি বলেও দাবি করেন তিনি।
মাদানীর ভাষ্য, একটি বৈবাহিক মধ্যস্থতাকারী প্ল্যাটফর্মের মাধ্যমে কয়েক মাস আগে তার বিয়ের জন্য আবেদন করা হয়েছিল। পরে উপযুক্ত পাত্রীর সঙ্গে মিল হলে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয়।
প্রথম স্ত্রীর গর্ভাবস্থার সময় দ্বিতীয় বিয়ে করার সমালোচনার জবাবে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনিও দ্বিধায় ছিলেন। তবে ওই সময় স্ত্রীর পাশে ছিলেন এবং হাসপাতালে দিনরাত সেবা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও বলেন, তার শ্বশুরবাড়ির লোকজন শুরুতে কষ্ট পেলেও কেউ তার স্ত্রীর প্রতি অবহেলার অভিযোগ করতে পারবে না।
একাধিক বিয়ে নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে মাদানী বলেন, ইসলাম ধর্মে একাধিক বিয়ের বিধান রয়েছে এবং এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বিষয় আলেমদের। একইসঙ্গে তিনি দাবি করেন, সমালোচকদের একটি অংশ মূলত ইসলামের এ বিধানটিকেই অপছন্দ করে।
সবশেষে তিনি বলেন, তার দ্বিতীয় বিয়ে বৈধ ও হালাল সিদ্ধান্ত হলেও বিষয়টি নিয়ে প্রথম স্ত্রীর কষ্ট পাওয়াকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং ইনসাফের মাধ্যমে সম্পর্ক আগের মতো রাখার চেষ্টা করবেন।





