গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি। এই সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে সচিবালয় ও যমুনা টেলিভিশন কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেন তিনি।
রাশেদ খান বলেন, “যারা হামলা করেছে, তাদের এখনো আইনের আওতায় আনা হয়নি। অথচ সিসিটিভি ফুটেজ এবং ভিডিও স্পষ্ট আছে। আমরা সন্দিহান, সরকার আদৌ গ্রেপ্তার করবে কি না। ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, সরকারের ঘোষণার পরও নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়নি, বরং তালবাহানা করা হচ্ছে। প্রয়োজনে পরিবারের উদ্যোগে বা দলের পক্ষ থেকে তাঁকে বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি।
সংগঠনের নেতারা বলেন, নুরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে।





