রাজধানীর সরকারি তিতুমীর কলেজে শাখা ছাত্রদলের জলতরঙ্গ ও মোল্লা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে শহীদ মামুন হলে সংঘর্ষের সময় উভয় পক্ষের ধাওয়া–পাল্টা ধাওয়ার মধ্যে অন্তত ১৫ জন আহত হন। আহতদের দ্রুত আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


\r\n

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, সংঘর্ষ চলাকালীন শহীদ মামুন হলের বিভিন্ন অংশে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এতে হলের জানালার কাচ, দরজা ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।


\r\n

জানা গেছে, মোল্লা গ্রুপের নেতৃত্বে ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিক। অপরদিকে জলতরঙ্গ গ্রুপের নেতৃত্বে ছিলেন শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদার। ছাত্রদলের একটি গ্রুপ কড়াইল বস্তি থেকে বহিরাগত লোকজন এনে অন্য পক্ষের ওপর হামলা চালানোর অভিযোগও পাওয়া গেছে।


\r\n

সংঘর্ষের পর কেন্দ্রীয় ছাত্রদল তাৎক্ষণিক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা, শিহাব উদ্দিন সিয়াম ও জিহাদ হাওলাদারের সাংগঠনিক পদ স্থগিত করেছে। এছাড়া যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম নাহিদ ও জলিল আদিককে বহিষ্কার করা হয়েছে।


\r\n

শহীদ মামুন হলের তত্ত্বাবধায়ক ফারুকুল ইসলাম জানান, অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বনানী থানা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ করা হয়েছে।