জাতীয় সংসদে ডকুমেন্ট আগে থেকে না পাওয়ায় চাপা ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ‘অর্থবিল ২০২৫-২৬’ পাসের পর সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ বিষয়ে অসন্তোষ জানান।

তিনি বলেন, কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে দুটি বিষয়ে অনুরোধ করা হয়েছিল। এর মধ্যে একটি ছিল ১৩৩টি অধ্যাদেশের সব কপি আগে সরবরাহ করা এবং অন্যটি ছিল ন্যূনতম একদিন আগে ডকুমেন্ট দেওয়া। কিন্তু সেই নির্দেশনা মানা হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, একদিকে সংসদ চলছে, আরেক দিকে, ডকুমেন্টগুলো এখানে রেখে দেয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, তাই কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো, নাকি নিচে নামাবো সেটাও বুঝতে পারিনি। সংসদ সদস্য হিসেবে যদি কিছুই না বুঝে হ্যাঁ বলি, তাহলে সেটা হবে অপরাধ। আবার না বুঝে ‘না’ বললে, সেটাও হবে অপরাধ। এজন্য চুপ থেকেছি।

জামায়াত আমির বলেন, এখানে সরকারি দলের সদস্য যারা আছেন, তারা হয়ত সবাই অর্থনীতির ছাত্র, খুব স্মার্ট এবং খুব মেধাবী ছাত্র ছিলেন। ফলে কাগজ দেখা মাত্রই ভেতরে কী আছে, তারা হয়ত সেটা বুঝে ফেলেছেন। কিন্তু আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কী করবো, সেই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দেন।যায়।