বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর জানিয়েছেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে সাকিব আল হাসানের খেলার সম্ভাবনা নেই। তার মতে, সাকিব যদি অনুশোচনা না দেখান, তবে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।


গত দুই বছর ধরে সাকিব আল হাসান দেশের বাইরে অবস্থান করছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর তিনি দেশে ফেরেননি। তখন তিনি সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলা হয়নি তার।


দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে সাক্ষাৎকারে আসিফ আকবর বলেন, “সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা দেখছি না। বর্তমান মনোভাব এভাবে থাকলে আমি নিজেও চাইব না সে খেলুক।”


তিনি আরও বলেন, “২০০০ লোক নিহত হওয়ার পর শহীদদের উপর দিয়ে এসে ক্রিকেট খেলা সম্ভব নয়। যদি সে অনুশোচনা করে, ক্ষমা চায়, তবে পরিস্থিতি ভিন্ন হতে পারে। সাকিবকে আবার সেই আগের সাকিব আল হাসান হয়ে আসতে হবে।”


\r\n\r\n\r\n\r\n

তবে সমালোচনার মাঝেও সাকিবের প্রতি শ্রদ্ধা কমেনি আসিফ আকবরের। তিনি বলেন, “সাকিব আল হাসান একজন ব্র্যান্ড। বাংলাদেশে ১০০ বছরেও তার সমতুল্য খেলোয়াড় জন্মাবে না। আমি এটা আবারও বলছি।”