ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে ডিএমপি কমিশনারের বরাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সত্য নয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
শনিবার ডিএমপি কমিশনার বলেন, রিজভীর বক্তব্য তিনি শুনেছেন, তবে সেগুলো বোগাস ও ভুয়া। তিনি এমন কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে ডিএমপি থেকে ইতোমধ্যে একটি রিজয়েন্ডার দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, এআই দিয়ে তৈরি একটি ছবি ছড়িয়ে পড়ে, সেটি দেখেই তার বরাতে ভুল তথ্য প্রচার করা হয়েছে।
এর আগে শনিবার দুপুরে নয়াপল্টনে হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে রিজভী দাবি করেন, পুলিশ কমিশনার নাকি বলেছেন হামলাকারী শিবিরের সঙ্গে জড়িত। তিনি অভিযোগ করেন, তদন্ত শেষ হওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নেতাদের নাম জড়ানো হয়েছে।
রিজভী বলেন, ঘটনার এক ঘণ্টার মধ্যেই ফেসবুকে একটি পক্ষ মির্জা আব্বাসকে গ্যাংস্টার হিসেবে উল্লেখ করেছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন হামলাকারী আগে ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত ছিল এবং সাদিক কায়েমের সঙ্গে একই টেবিলে বসে চা খাওয়ার ছবি দেখা গেছে।
সমাবেশে রিজভী অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে মব কালচার তৈরি করছে এবং এই হামলার সঙ্গে সেই ষড়যন্ত্র জড়িত। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





