সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে ঢাকা ও নারায়ণগঞ্জে থাকা ১৭৭ শতাংশ জমি এবং দুইটি গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।


দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনে বলা হয়েছে, জব্দকৃত সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার টাকা।


মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।


আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি আসাদুজ্জামান খান অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে ১৬ কোটি ৪১ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন এবং ৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে ৫৫ কোটি ৯২ লাখ টাকা লেনদেন করেছেন। এই অভিযোগে দুদক মামলা দায়ের করেছে এবং মামলার তদন্তের দায়িত্বে নিয়োগ করা হয়েছে তদন্তকারী কর্মকর্তা।


তদন্তে জানা গেছে, আসামি তার অবৈধভাবে অর্জিত সম্পদ বিক্রয়, হস্তান্তর বা লোপ করার চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ধারা ১৮ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ধারা ১৪ অনুযায়ী তার অপরাধলব্ধ সম্পদ ক্রোক করা জরুরি।


আদালত মনে করেন, সম্পদ ক্রোক না হলে তা বিক্রি বা হস্তান্তর করা হতে পারে এবং বিচার শেষে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা সম্ভব নাও হতে পারে, ফলে রাষ্ট্র অপূরণীয় ক্ষতির সম্মুখীন হতে পারে।