বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক নেত্রী জেবুন্নেছা আফরোজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৬ মে) দিবাগত গভীর রাতে রাজধানীর বাসা থেকে তাকে আটক করা হয়।

\r\n

শনিবার (১৭ মে) সকালে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “জেবুন্নেছা আফরোজকে গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।”

\r\n

জেবুন্নেছা আফরোজ ছিলেন ১০ম জাতীয় সংসদে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য। তার স্বামী শওকত হোসেন হিরণ ছিলেন বরিশাল শহর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র। ২০১৪ সালের ৯ এপ্রিল হিরণের মৃত্যুর পর বরিশাল-৫ আসনটি শূন্য হয়ে গেলে ওই বছর উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন জেবুন্নেছা।

\r\n

পরিবারের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, “শুক্রবার রাতে রাজধানীর বাসা থেকে তাকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে আছেন।”

\r\n

জানা গেছে, বরিশালে ৫ আগস্টের পর দায়ের হওয়া একাধিক মামলায় জেবুন্নেছা আফরোজকে আসামি করা হয়েছে। গ্রেফতারের পেছনে এই মামলাগুলোর সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।