কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ কা ম সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সহকারী পরিচালক খোরশেদ আলম এ সংক্রান্ত আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আ কা ম সরওয়ার জাহান ও মাহমুদা সিদ্দিকা পরস্পরের সহায়তায় অসৎ উদ্দেশ্যে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। এতে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখেন, যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে জানা গেছে, আসামিরা অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তর করে বিদেশে পালানোর চেষ্টা করছেন। তাদের দেশত্যাগ মামলার তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত করতে পারে। তাই, সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন।