দুর্নীতির অভিযোগের কারণে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের দুই কন্যা, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।


সোমবার (১৯ জানুয়ারি) দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মাহাথীর মুহাম্মদ সামী তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।


আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।


আবেদনে বলা হয়েছে, সাদিয়া মালেক ও সিনথিয়া মালেকের দুদকে দাখিল করা সম্পদ বিবরণী যাচাই-বাছাই করা হচ্ছে। অনুসন্ধানকালে নথি নিরীক্ষা এবং গোপন তথ্যের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতীয়মান হয়, জাহিদ মালেকের সহযোগিতায় ওই দুই কন্যা দেশত্যাগের চেষ্টা করছেন। যদি তারা বিদেশে চলে যান, তবে অনুসন্ধান কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।