রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আবেদনে উল্লেখ করা হয়, এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২(শ) ধারার আওতাভুক্ত অপরাধ।





