রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।
আবেদনে বলা হয়, খায়রুজ্জামান লিটন এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থানে ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের সঙ্গে সম্পৃক্ত, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ২(শ) ধারার আওতাভুক্ত।
সিআইডির আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের মাধ্যমে বিভিন্ন অপরাধ থেকে অর্জিত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন এবং ভোগ-বিলাসে ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাবে থাকা অর্থ যেন উত্তোলন বা অন্যত্র স্থানান্তর করা না যায়, সে কারণেই ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার প্রয়োজন দেখা দিয়েছে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে গত ৬ মার্চ আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।





