‎‎সাভারে ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের হেরোইনসহ হৃদয় হোসেন (২৭) নামে ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৪)। সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সাভার পৌরসভার রাজাশন রোডের পালোয়ান পাড়া এলাকা থেকে এই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো:হৃদয় হোসেন (২৭)  দেওগাঁও পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। ‎


‎১৪ এপ্রিল মঙ্গলবার সকালে এক মুঠোফোন বার্তায় র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুর কবির বিষয়টি নিশ্চিত করেন।
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে হৃদয়কে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন,দেশের বিভিন্ন প্রান্ত থেকে  হেরোইন সংগ্রহ করে সাভারসহ আশেপাশের এলাকার ডিলার ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতেন।
‎স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় হোসেন দেওগাঁও-রাজাশন এলাকায় একটি সংঘবদ্ধ অপরাধচক্র পরিচালনা করতেন। মাদক ব্যবসার পাশাপাশি  কিশোর গ্যাং নিয়ন্ত্রণ,চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলো।
‎এছাড়া অভিযোগ রয়েছে, অতীতে নিষিদ্ধ  ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকলেও ৫  আগষ্ট পরবর্তী রাজনৈতিক পরিচয় পরিবর্তন করে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
‎স্থানীয়রা জানান, কিছু প্রভাবশালী  নেতার ছত্র-ছায়ায় দীর্ঘদিন এলাকায় আধিপত্য ধরে রেখেছিলো হৃদয়। তার গ্রেফতারের খবরে এলাকায় স্বস্তি নেমে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন,দীর্ঘদিন আমরা আতঙ্কে ছিলাম। এখন  স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছি।ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে আমরা আশা করি।