ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তাঁর ছেলে শায়ান রহমানসহ ২৭ জনের বিরুদ্ধে ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার রাতে বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে গুলশান থানায় এ মামলা দায়ের করেন।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ প্রথম আলোকে জানান, মামলায় সালমান এফ রহমান, তাঁর ছেলে এবং ২৭টি আইজিডব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) অপারেটরকে আসামি করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় এ মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, আসামিরা আইজিডব্লিউ অপারেটরস ফোরামের সদস্য। বিদেশ থেকে আসা ফোনকল স্থানীয় অপারেটরে স্থানান্তরের জন্য এসব প্রতিষ্ঠানকে লাইসেন্স দেওয়া হয়েছিল। তবে বিগত সরকারের আমলে অভিযোগ ওঠে, অল্প কিছু টাকার যন্ত্রপাতি বসিয়ে তারা শত শত কোটি টাকা আয় করেছে এবং সরকারকে বকেয়া না দিয়ে কোম্পানি গুটিয়ে নেয়।

গত ৭ জুলাই ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ), আইজিডব্লিউ ও আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) লাইসেন্সধারী অনেক প্রতিষ্ঠান সরকারের দুই হাজার কোটি টাকার বেশি বকেয়া রেখে ব্যবসা বন্ধ করে দিয়েছে।

তিনি আরও জানান, ২০১৩ সালে সালমান এফ রহমানের নেতৃত্বে সাতটি প্রতিষ্ঠান নিয়ে আইজিডব্লিউ অপারেটরস ফোরাম (আইওএফ) গঠন করা হয়। সেই সময় থেকেই এই খাতের কিছু প্রতিষ্ঠান সীমিত বিনিয়োগের মাধ্যমে বিপুল অর্থ আয় এবং সরকারি রাজস্ব ফাঁকির সুযোগ পেয়েছিল বলে অভিযোগ ওঠে।