রাজধানীর সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’-এর শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
দুপুর পৌনে ১২টার দিকে তাঁতীবাজার মোড়, দুপুর সাড়ে ১২টার দিকে টেকনিক্যাল মোড় এবং দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় শিক্ষার্থীরা তাদের এক দফা দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন। স্লোগানগুলোর মধ্যে ছিল—‘রাষ্ট্র তোমার সময় শেষ, জারি করো অধ্যাদেশ’, ’তালবাহানা বন্ধ করো , অধ্যাদেশ জারি করো ‘।
অবরোধের ফলে সংশ্লিষ্ট সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানান, এক দফা দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি হলো- ১৫ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদন এবং একই সঙ্গে রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা।
গত মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কর্মসূচির ঘোষণা দেয় ‘সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন’। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।





