প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (১৮ জানুয়ারি) বিকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে, জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
এর আগে, গত ১৫ জানুয়ারি প্রবাসী ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট সংক্রান্ত একাধিক অনিয়মের অভিযোগ জানিয়েছিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তখন নির্বাচন কমিশনের কাছে এসব বিষয়ে ব্যাখ্যা দাবি করেছিল।
বিএনপির অভিযোগ, পোস্টাল ব্যালট প্রস্তুত ও প্রেরণের পুরো প্রক্রিয়ায় গুরুতর ত্রুটি রয়েছে, যা দলকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি ভোটার স্লিপ সংক্রান্ত আচরণবিধি ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন এবং কয়েকজন রিটার্নিং কর্মকর্তার পক্ষপাতমূলক আচরণের বিষয়েও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
আজকের বৈঠকে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।





