বাজারে কিছু অসাধু গোষ্ঠীর সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে দেবে না সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্সের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে খাদ্যপণ্যের দামে বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছে সরকার। মূল্যস্ফীতি হলেও তার চাপ যেন প্রান্তিক জনগোষ্ঠীর ওপর না পড়ে, সে বিষয়ে প্রয়োজনীয় হস্তক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনুমাননির্ভরভাবে যেন বাজারে দাম না বাড়ে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
বর্তমান মজুদের পরিস্থিতি স্থিতিশীল আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের কিছুটা ঘাটতি রয়েছে বলে তিনি স্বীকার করেন।
বাজার ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন তিনি।





