সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে ভাঙচুর ও স্টাফদের মারধরের ঘটনার প্রতিবাদে ট্রাক শ্রমিকরা মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রমিকরা শহর থেকে ঢাকার দিকে যাওয়ার নিউ ঢাকা রোডে শুয়ে বিক্ষোভ করলে ওইমুখী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শ্রমিকদের অভিযোগ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানু ও তার সহযোগীরা ইউনিয়ন অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং সেখানে দায়িত্বে থাকা স্টাফকে মারধর করে। ঘটনার পর ন্যায়বিচার না পাওয়ায় ক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এ বিষয়ে সানুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সদর থানার ওসি মোখলেছুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) আফিফাম নজমু ঘটনাস্থলে আসেন। তারা শ্রমিকদের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিলেও শ্রমিকরা তাৎক্ষণিকভাবে অবরোধ তুলতে রাজি হননি।
পরে জেলা বিএনপি এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা শ্রমিকদের সঙ্গে কথা বলে জানান, বিকেল ৩টার মধ্যে ঘটনার বিচার নিশ্চিত করা হবে। আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ তুলে নেন। অবরোধ চলাকালে শ্রমিকদের স্লোগান দিতেও দেখা যায়।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুলতান তালুকদার বলেন, “নির্ধারিত সময়ে বিচার না হলে আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের সঙ্গে এক হয়ে আন্দোলনে নামবো। প্রয়োজনে বিকেল ৫টা থেকে পুরো জেলায় যান চলাচল বন্ধ করে দেওয়া হবে।”





