গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে পবিত্র রমজান উপলক্ষে ইনসাফ ফাউন্ডেশনের উদ্যোগে রমজানবিষয়ক বই বিতরণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রথম রমজান থেকে শুরু হওয়া এ কার্যক্রম ৬ রমজান পর্যন্ত চলার পর সফলভাবে শেষ হয়েছে।
রমজানের তাৎপর্য ও আমলের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছে সংগঠনটি। এ বছর বিতরণ করা হয়েছে প্রখ্যাত লেখক রাগিব সারজানি রচিত বই ‘এটাই হয়তো জীবনের শেষ রমজান’। বইটিতে আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং পরকালীন প্রস্তুতি নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
সংগঠনের সভাপতি ফয়েজ আহমেদ বলেন, রমজান আত্মগঠন ও তাকওয়া অর্জনের গুরুত্বপূর্ণ সময়। একটি ভালো বই মানুষের চিন্তা ও আমলে ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
সাধারণ সম্পাদক সাকিব আহমেদ বলেন, রমজানের প্রকৃত শিক্ষা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। বইটি পাঠের মাধ্যমে পাঠকরা নিজেদের জীবন ও আমল নতুনভাবে মূল্যায়ন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।





