সিলেট টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশনটি নিজেদের করে নিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের শেষ দুটি উইকেট দ্রুত তুলে নেওয়ার পর ব্যাটিংয়ে নামা দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দুর্দান্ত ব্যাটিং করেন।

মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০৯ রান। জয় ৫০ রানে এবং সাদমান ৫৮ রানে অপরাজিত। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ এখন ১৭৭ রানে পিছিয়ে রয়েছে।

দুই ওপেনারের ব্যাটিংয়েই বাংলাদেশের দলের শতক স্পর্শ করেছে। সাদমান ইসলাম ৪৯ বলে তার টেস্ট ক্যারিয়ারের সপ্তম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন, আর মাহমুদুল হাসান জয় ৭২ বলে নিজের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নেন। ২০.৪ ওভারে এই জুটি দলীয় শতকও পূর্ণ করে।

এর আগে দ্বিতীয় দিনের খেলা শুরু হতেই বাংলাদেশের বোলাররা আয়ারল্যান্ডকে মাত্র ১৪ বলের মধ্যেই অলআউট করে দেন। দিনের শুরুতে ৮ উইকেটে ২৮০ রান থাকা আইরিশরা মাত্র ৬ রান যোগ করতে পারে। তাইজুল ইসলাম ম্যাথু হ্যামফ্রেসকে এবং পরের ওভারে হাসান মাহমুদ বাডি ম্যাককার্থিকে (৩১) বোল্ড করে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস ২৮৬ রানে থেমে যায়।