সাকিব আহমেদ
প্রতিনিধি : গোয়াইনঘাট (সিলেট)

সিলেটের গোয়াইনঘাটে বেপরোয়া গতির একটি ডিআই পিকআপের ধাক্কায় জসিম উদ্দিন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গোয়াইনঘাট-সারীঘাট সড়কের পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত জসিম উদ্দিন গোয়াইনঘাট সরকারি কলেজ-এর দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। আহতরা হলেন—গিয়াস উদ্দিন সাদি (২২) ও ইয়ামিন (১৮)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে তিন আরোহী বাড়ি ফিরছিলেন। পুকাশ স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ডিআই পিকআপ মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং আরোহীরা সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই জসিম উদ্দিনের মৃত্যু হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ঘাতক পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।